ক্যাস্টেল দি সাঙ্গরোর তেওফিলো পাতিনি স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে নাপোলি। এই ম্যাচে নাপোলির হয়ে গোল করেছেন মাতেও পোলিতানো এবং লরেঞ্জো লুকা।
তবে এই জয়ের ম্যাচে দলের অন্যতম সদস্য স্কটল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার ম্যাকটমিনে-কে পায়নি নাপোলি। কয়েকদিন আগে অনুশীলনের সময় বাম পায়ে ব্যথা অনুভব করায় তিনি মাঠের বাইরে চলে যান। ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক মিডফিল্ডার পায়ের চোটের কারণে ওসাসুনার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিতে পারেননি। চোট পাওয়ার পর থেকেই তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, রাফা মারিনের ক্ষেত্রেও পরিস্থিতি ছিল একই রকম। ওসাসুনার বিপক্ষে ম্যাচে তিনিও দলের বাইরে ছিলেন, তবে বৃহস্পতিবার থেকে তিনি আবারও অনুশীলনে ফিরেছেন।
উল্লেখ্য, নাপোলির সেরি আ মৌসুম শুরু হবে ২২ আগস্ট জেনোয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে।

