কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনার জেরে এই হামলার ঘটনা ঘটে। এতে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ। আহত বাংলাদেশিদের বর্তমানে ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং দূতাবাস তাদের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে।
কুয়েতের বর্তমান পরিস্থিতিতে স্থানীয় আইন ও সরকারি নির্দেশনার প্রতি প্রবাসীদের শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, রকেট বা ড্রোন হামলার ঘটনাস্থলের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইনে দণ্ডনীয় অপরাধ। এছাড়া, এসব ঘটনার দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা থেকেও বিরত থাকতে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে।
এদিকে, হামলার পর কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। এই জরুরি পরিস্থিতিতে সুস্থ ও সক্ষম প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দূতাবাস। একইসঙ্গে, অন্যদেরও রক্তদানে উৎসাহিত করার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

