দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সমাজ গঠনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। অথচ বিদেশের মাটিতে নানা প্রতিকূলতার মুখে পড়ে প্রবাসীরা প্রায়শই তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। এছাড়া দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে প্রবাসীদের ভাগ্যের চাকা খুব একটা সচল হয় না; বিভিন্ন সরকারের আমলে তারা কেবল প্রশংসার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। এই বাস্তবতাকে সামনে রেখে প্রবাসীদের অধিকার আদায়ে প্রবাসী সংবাদকর্মীদের করণীয় নির্ধারণে গত ২০ মার্চ বৃহস্পতিবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ। সভায় কুয়েতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাই টিভির আল আমিন রানা, যমুনা টিভির হেবজু মিয়া, এস এ টিভির সেলিম হাওলাদার, ৭১ টিভির সাদেক রিপন, চ্যানেল টোয়েন্টিফোর ও জাগো নিউজের জিসান মাহমুদ, জিটিভির আলাল আহমেদ, এটিএন বাংলার আহাদ আম্বিয়া খোকন এবং ঢাকা পোস্টের জাহিদ হাসান জনি ও দৈনিক স্বাধীন বাংলার কাউসার আহমেদ বিহন।
আলোচনায় প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, বিদেশের মাটিতে প্রবাসী সংবাদকর্মীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে নিয়মিত প্রতিবেদন তৈরির মাধ্যমে তাদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, প্রবাসী সাংবাদিকরা তাদের সংবাদের মাধ্যমে শ্রমিকদের কষ্টের বাস্তবতা এবং অধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। এছাড়া প্রবাসীদের সংগ্রাম, তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণেও সাংবাদিকরা নিরলস কাজ করে যাচ্ছেন।
সবশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের সমস্যা সমাধানে গণমাধ্যমের দায়বদ্ধতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

