মালয়েশিয়ায় দেশব্যাপী দুই দিনের বিশেষ অভিযান চালিয়ে ৪৬০ জন বাংলাদেশিসহ ১ হাজার ৪৩ জন অনিবন্ধিত বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জিম)। আবাসিক এলাকা ও বিদেশিদের আনাগোনার স্থানগুলোতে পরিচালিত অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের আটক করা হয়।
গত মঙ্গলবার রাতে দেশটির সেলাঙ্গর অঙ্গরাজ্যের সুংগাই চুয়া এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
আটকদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি
মহাপরিচালক জানান, গত ১০ আগস্ট থেকে শুরু হওয়া এই ঝটিকা অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই করা হয়। তাঁদের মধ্যে বৈধ নথিপত্র না থাকা এবং অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৮৮০ জন পুরুষ এবং ১৬৩ জন নারী। তাঁদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।
পরিসংখ্যান অনুযায়ী, আটক প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় অংশই বাংলাদেশের নাগরিক। ৪৬০ জন বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী রয়েছেন।
এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ৩২৮ জন ইন্দোনেশীয়, ১৮৬ জন মিয়ানমারের নাগরিক, ৫৫ জন ভারতীয় পুরুষ, ২২ জন নেপালি পুরুষ এবং অন্যান্য বিভিন্ন দেশের আরও ১৪৩ জন নাগরিক রয়েছেন।
গোয়েন্দা তথ্যে অভিযান
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, স্থানীয় অধিবাসীদের অব্যাহত অভিযোগ, গোয়েন্দা তথ্য ও দীর্ঘ নজরদারির ভিত্তিতে প্রবাসীদের আবাসিক এলাকা ও কর্মস্থল লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়। আটক বিদেশি নাগরিকদের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও অধিকতর তদন্তের জন্য দেশটির অস্থায়ী অভিবাসন বন্দিশিবিরে (ডিটেনশন সেন্টার) স্থানান্তর করা হয়েছে।

