ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে যুক্ত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর ভেতর নৌসদস্যদের নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো।
গত বুধবার (১২ আগস্ট) ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) এবং তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
দীর্ঘ মোতায়েনের জেরে চরম অসন্তোষ
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান ও একটানা মোতায়েন থাকার কারণে রণতরিটিতে কর্তব্যরত মার্কিন নৌসদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ ও মানসিক চাপ তৈরি হয়েছিল। বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত এই রণতরিটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে, যার মধ্যে প্রায় ২০৮ দিনই সদস্যরা নিরবচ্ছিন্নভাবে মাঝসমুদ্রে কাটিয়েছেন।
যেভাবে ঘটনার সূত্রপাত
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, টানা সমুদ্রে অবস্থানের বিষয়ে সদস্যদের অভিযোগ ও ক্ষোভের কথা শুনতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের এক উপদেষ্টা রণতরিটিতে যান। আলোচনা চলাকালে ক্ষুব্ধ নৌসদস্যরা তাঁকে লক্ষ্য করে ভুয়াধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন।
এর জের ধরে একপর্যায়ে ককপিট ও অভ্যন্তরীণ কক্ষে নৌসদস্যদের দুটি আলাদা পক্ষের মধ্যে হাতাহাতি থেকে ধারালো অস্ত্র ও ছুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং কয়েকজন গুরুতর আহত হন।
ঘটনাটির পর থেকে রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরে চরম উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বলে ইরানি সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এই সংঘর্ষের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বা সেন্টকমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

