সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। গত ১৫ আগস্ট, শনিবার রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাংয়ের পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে বাদ এশা এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিন। সভায় বিএনপি মালয়েশিয়ার সহসভাপতি ড. এস এম রহমান তনু, জামালপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, অধ্যাপক ও পিএইচডি স্কলার সাফিউর রহমান, যুবদল মালয়েশিয়ার সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মো. নাজমুল হাসান ও শেখ মো. সেলিম, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদলের প্রচার সম্পাদক বাদল কারার এবং স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কবিরসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার পেছনে তার রাজনৈতিক দূরদর্শিতা, সততা, দেশপ্রেম ও দৃঢ় নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারাকে এগিয়ে নেওয়া এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সবসময় আপসহীন ছিলেন। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, কারাবরণ ও নির্যাতনের মুখোমুখি হলেও তিনি কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হননি। দেশের মানুষের সঙ্গে তার গভীর আবেগগত সম্পর্কের কথা উল্লেখ করে বক্তারা বলেন, তার এই দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সভায় বক্তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা বলেন, তার নেতৃত্বে দল ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বুকিট বিন্তাং বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আবু তাহের। অনুষ্ঠানে আব্দুল জলিল লিটন, মো. আরিফ হোসেন, আনোয়ার হোসেন সেলিম, সোহেল রানা আজাদ, হেলাল শিকদার, রাসেল রানা, সাইদুর রহমান বাবু, আদিব আঞ্জম, আলী শরিফ ও জাসাসের ফয়সালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

