মালয়েশিয়াগামী সাধারণ কর্মীদের পাসপোর্ট নিয়ে প্রতারণা ও অনিয়মের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামক একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নির্দেশে বিএমইটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অফিস সিলগালা করে দেয়। একইসঙ্গে অসাধু কর্মকাণ্ডের দায়ে এজেন্সিটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় মালয়েশিয়া যেতে ইচ্ছুক বিদেশগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে সংগ্রহ করা তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে। বর্তমানে এই পাসপোর্টগুলো জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হেফাজতে রাখা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দকৃত এই পাসপোর্টগুলো দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থ রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। কোনো অসাধু রিক্রুটিং এজেন্সি যাতে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে না পারে, সেজন্য সরকার বদ্ধপরিকর। যারা নিয়ম অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বৈদেশিক কর্মসংস্থান খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় অফিসটি সিলগালা করা হয় এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

