জাতিসংঘের কঠোর সমালোচনা করে বিশ্ব সংস্থাসমূহকে ‘অকার্যকর’ বলে অভিহিত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
ভাষণে বৈশ্বিক প্ল্যাটফর্মের সমালোচনার পাশাপাশি বহু বছর ধরে চলা বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (যা আর্জেন্টিনায় ‘লাস মালভিনাস’ নামে পরিচিত) নিয়েও আর্জেন্টিনার কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
তেল উত্তোলন ইস্যুতে যুক্তরাজ্যকে হুঁশিয়ারি
যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকা লাস মালভিনাস অববাহিকায় ব্রিটিশ লাইসেন্সের অধীনে পরিচালিত ‘সি লায়ন প্রজেক্ট’-এর আওতায় মহীসোপানে তেল উত্তোলনের কার্যক্রমকে ‘সম্পূর্ণ অবৈধ’ হিসেবে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট মিলে।
-
আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মিলে স্পষ্ট জানিয়ে দেন, আর্জেন্টিনার অনুমোদন ছাড়া বিতর্কিত ভূখণ্ড বা মহীসোপানে যেকোনো কার্যক্রম চালানো আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (UNCLOS) এবং আর্জেন্টিনার অভ্যন্তরীণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
-
শান্তিপূর্ণ উপায়ে স্বার্থরক্ষা: পরিস্থিতি উত্তপ্ত না করে আর্জেন্টিনা শান্তিপূর্ণ, বাস্তবসম্মত ও কূটনৈতিক উপায়ে নিজ দেশের ভৌগোলিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে বলে উল্লেখ করেন তিনি।
বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার খারিজ
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অধিবাসীদের আত্মনিয়ন্ত্রণ অধিকার সংক্রান্ত যুক্তরাজ্যের দাবি খারিজ করে দেন হাভিয়েরা মিলে। তিনি দাবি করেন, দখলদার শক্তির মাধ্যমে বসতি স্থাপন করানো জনগোষ্ঠীর ক্ষেত্রে তথাকথিত আত্মনিয়ন্ত্রণ অধিকারের নীতি প্রযোজ্য হতে পারে না। ফলে ওই ভূখণ্ডের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনার দাবি পুরোপুরি আইনানুগ।

