মরোক্কান তরুণীকে বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই নতুন এক গুঞ্জনে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হলেও কার্লোস বা তাঁর প্রতিনিধির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তুর্কি সংবাদমাধ্যম হাবেরলার-সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে এসে শাহাদাহ (কালেমা) পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী এই সাবেক ফুটবল তারকা।
বিষয়টি প্রকাশ্যে আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি সাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। ব্রাজিলের মুসলিম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, সাউ পাওলোভিত্তিক সংগঠন ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথ’-এর প্রতিনিধি শেখ জিহাদ হামাদার মাধ্যমে কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে যোগাযোগ ছিল এবং সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে শাহাদাহ পাঠ করেন। পোস্টে তুর্কি এই সংসদ সদস্য ব্রাজিলিয়ান কিংবদন্তিকে শুভকামনাও জানান।
এর আগে স্প্যানিশ নাগরিক ও ফিফা নিবন্ধিত মরোক্কান বংশোদ্ভূত এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চলতি বছরের শুরুতে পরিচয় ও বিয়ের খবর এলেও ২৫ জুলাই পারিবারিকভাবে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ফুটবল ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের পাশাপাশি তুরস্কের ক্লাব ফেনেরবাচেতেও খেলেছিলেন কার্লোস। তুর্কি সংবাদমাধ্যম ও সংসদ সদস্যের সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও রবার্তো কার্লোস নিজে বিষয়টি এখনো নিশ্চিত করেননি। ফুটবলবিশ্ব এখন তাকিয়ে আছে এই কিংবদন্তি ডিফেন্ডারের আনুষ্ঠানিক বক্তব্যের দিকে।

