যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন কমিউনিটি কলেজের (BMCC) চেম্বার্স স্ট্রিট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ ৫ম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস এক্সপো ২০২৬’। আয়োজনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং পেশাজীবী ব্যক্তিদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ করা গেছে। এই এক্সপো দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ (MD, FASN), গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে এবং ইউএস স্মল বিজনেস প্রশাসনের (SBA) প্রশাসক কেলি লফলার। আয়োজকদের মতে, উচ্চপদস্থ এসব কর্মকর্তাদের উপস্থিতি ক্ষুদ্র ব্যবসার প্রসার ও আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক কেলি লফলার তার বক্তব্যে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদানের ওপর আলোকপাত করেন। তিনি নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি ও বিদ্যমান ব্যবসার পরিধি বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ড. জিয়াউদ্দিন আহমেদ মার্ক জ্যাফে ও অ্যামিট শাহকে ধন্যবাদ জানিয়ে দুই চেম্বারের দীর্ঘদিনের অংশীদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
ড. জিয়াউদ্দিন আহমেদ তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অসামান্য সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি ফজলুর রহমান খান, সালমান খান, জাওয়েদ করিম, ড. আবুল হুসাম, আবদুস সাত্তার খান, ড. এম. জাহিদ হাসান এবং সৈয়দ জাকি হোসাইনের মতো ব্যক্তিত্বদের অবদানের কথা স্মরণ করেন। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন সমাজে বাংলাদেশি কমিউনিটির সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও তাদের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী ও প্রশংসনীয়।
বক্তব্যের শেষ পর্যায়ে ড. জিয়াউদ্দিন আহমেদ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় গন্তব্য মার্কিন বাজার। একই সঙ্গে বাংলাদেশও এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিস্তার করছে। এই মেলার মাধ্যমে বাণিজ্য, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

