২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অনন্য ভূমিকা এবং ‘রেমিট্যান্স শাটডাউন’-এর তাৎপর্য নিয়ে মালয়েশিয়ায় একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রোববার বিকেলে কুয়ালালামপুরের একটি হোটেলে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ‘রেমিট্যান্স শাটডাউন’ ছিল প্রবাসীদের ঐক্যবদ্ধ সংহতি ও প্রতিবাদের এক শক্তিশালী প্রতীক, যা আন্তর্জাতিক অঙ্গনে আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে বড় ভূমিকা রেখেছিল।
পবিত্র আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের কুয়ালালামপুর আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক ইঞ্জি: মোহাম্মদ এনামুল হক এবং বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব আলম রওশন। এছাড়া কেন্দ্রীয় সদস্য আকাশ আলমগীর, সোহেল এবং বিলকিস বিথীসহ স্থানীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা আব্দুল আহাদ সরাসরি উপস্থিত থেকে গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় অংশ নেন শহীদ তাহমিদের মা, শহীদ ইমনের ভাই, জুলাই যোদ্ধা কানিজ ফাতেমা, আহত যোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক এবং শহীদ সাজ্জাদের বাবা। বক্তারা জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত যোদ্ধাদের অবদানের যথাযথ মূল্যায়নের দাবি তোলেন। তারা বলেন, এই গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদ ও আহতদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে দেশে-বিদেশে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনায় আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক আক্ষেপ করে জানান, আন্দোলনে আহত হওয়ার পর থেকে তিনি বাংলাদেশ সরকারের কাছ থেকে এখনো কোনো ধরনের সহায়তা পাননি। এই বিষয়ে তিনি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তার এই অভিযোগের প্রেক্ষিতে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক ইঞ্জি: মোহাম্মদ এনামুল হক আশ্বাস দেন যে, বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে এবং আহত যোদ্ধার প্রাপ্য সহায়তা নিশ্চিত করতে সংগঠন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগঠনের নেতাকর্মী, সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মতবিনিময় সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

