সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে উদ্বেগের সৃষ্টি হলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে নুরুল হক নুর উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ণ অবগত রয়েছে। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে একযোগে এত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর ভিসা বাতিলের ঘটনায় ভুক্তভোগী ও তাঁদের পরিবারের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা জোরদার করায় বিষয়টি দ্রুত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা।

