ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ইয়ানবুতে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ড্রোন ব্যবহার করেছে। রিয়াদের স্পর্শকাতর স্থাপনা ও ইয়ানবুর আরামকো স্থাপনায় চালানো এই হামলা সফল হয়েছে বলে দাবি তাদের। হামলার পরপরই নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে বলে হুতিরা জানায়। শনিবার সকালে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বড় ধরনের ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছিল।
নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি হুতিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, সৌদি আরবের বিরুদ্ধে ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি বজায় থাকবে। ভবিষ্যতে সৌদি বাহিনীর সেনাসমাবেশ ও সামরিক স্থাপনাগুলোকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হবে বলে তারা হুমকি দিয়েছে। ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং দেশটির বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত এই ধরনের পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।

