অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি এবং সরকারি বিধিবিধান লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য প্রকাশ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মন্ত্রী তার লিখিত জবাবে জানান, নিবন্ধন বাতিলের নেপথ্যে অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে—নির্ধারিত সময়ে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতি করে অনুদানের অর্থ আত্মসাৎ এবং সরকারি আইনানুগ নির্দেশনা অমান্য করা। এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) জমা দেওয়ার মতো অনিয়মের প্রমাণও পাওয়া গেছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ এনজিওবিষয়ক ব্যুরো ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদেশি অনুদাননির্ভর সংস্থাগুলোর কার্যক্রম কঠোরভাবে তদারকি করে আসছে। এই ব্যুরো এনজিওর নিবন্ধন, নবায়ন, প্রকল্পের অনুমোদন ও অর্থ ছাড়ের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করে। বর্তমানে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা বিস্তার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এনজিওগুলো মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, আর্থসামাজিক উন্নয়নে এনজিওগুলোর অবদান থাকলেও কোনো সংস্থা যদি উন্নয়নমূলক কর্মকাণ্ডের আড়ালে বেআইনি কাজে লিপ্ত হয়, তবে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

