জাপানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ আগস্ট) রিখটার স্কেলে ৫.৯ মাত্রার এই ভূকম্পনে রাজধানী টোকিওসহ আশেপাশের এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে, ভূ-পৃষ্ঠ থেকে প্রায়৬৮ কিলোমিটার গভীরে। কম্পনের ফলে টোকিওর আশেপাশের সাইতামা, চিবা ও কানাগাওয়া প্রিফেকচারে অন্তত ২৩ জন আহত হন। অধিকাংশ মানুষই ঘুমের ঘোরে আতঙ্কে ঘর থেকে বের হতে গিয়ে বা আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পান।
ভূমিকম্পের পরপরই টোকিও ও এর আশেপাশের অঞ্চলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে, কয়েকটি রুটে ট্রেন সাময়িকভাবে স্থগিত বা ধীরগতিতে চালানো হয়। এছাড়া টোকিওর কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ও পানির পাইপ ফেটে যাওয়ার ঘটনা ঘটে।
তবে স্বস্তির বিষয় হলো, ইবারাকির তোকাই এবং দুর্যোগকবলিত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব বের করে দ্রুত জনগণকে অবহিত করার নির্দেশ দিয়েছেন। আবহাওয়া সংস্থা আগামী দুই-তিন দিন এবং পুরো এক সপ্তাহে আরও শক্তিশালী আফটারশকের আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

