দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউড অভিনেতা জায়েদ খান এবার হাজির হচ্ছেন এক নতুন পরিচয়ে। অভিনয় ও উপস্থাপনার পর এবার একটি আন্তর্জাতিক মানের ব্যয়বহুল মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যাবে তাঁকে। ‘শিকারী’ শিরোনামের এই নতুন গানটির টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছেন এই অভিনেতা।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত কয়েক সেকেন্ডের টিজারটিতে জায়েদ খানকে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে পারফর্ম করতে দেখা গেছে। ভিডিওচিত্রটি পরিচালনা করেছেন বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগর।
টিজারে জায়েদ খানের সঙ্গে প্রধান মডেল হিসেবে রয়েছেন ইয়াসমিন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাসহ একাধিক বিদেশি মডেল এতে অংশ নিয়েছেন।
নিজের নতুন এই কাজ নিয়ে জায়েদ খান জানান, “টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। বাংলাদেশ থেকেও অনেকে ফোন করে শুভকামনা জানিয়েছেন এবং টিজারটি শেয়ার করছেন। তবে এটি তো কেবল ঝলক, সম্পূর্ণ গানের ভিডিওটি দর্শক-শ্রোতাদের আরও বেশি মুগ্ধ করবে।”
জানা গেছে, ‘শিকারী’ মিউজিক ভিডিওটি যুক্তরাষ্ট্রের একাধিক দৃষ্টিনন্দন লোকেশনে ধারণ করা হয়েছে। এটি তৈরিতে কাজ করেছেন মার্কিন টেকনিশিয়ানরা, যার মধ্যে স্টেডিক্যাম অপারেটর হিসেবে ছিলেন এনরিক ক্যামাচো।
উল্লেখ্য, একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে বর্তমানে সেখানেই অবস্থান করছেন জায়েদ খান। সেখানে তিনি বিভিন্ন মঞ্চ পরিবেশনার পাশাপাশি একটি সেলিব্রিটি শো সঞ্চালনা করছেন। গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। এবার মিউজিক ভিডিওর এই নতুন রূপ দর্শকদের কতটা আকৃষ্ট করে, সেটাই দেখার বিষয়।

