ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদের নিয়ে এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ মোট ১১টি দেশে দায়িত্বরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে ‘অ্যাম্বাসেডরস রিজিয়নাল কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দু’-র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে লেখেন, “ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে অনুষ্ঠিত আমাদের এ বছরের ‘অ্যাম্বাসেডরস রিজিয়নাল কনফারেন্সে’ ভার্চুয়ালি যুক্ত হতে পেরে ভালো লাগছে।”
উক্ত কনফারেন্সে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈশ্বিক কৌশলগত বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। রুবিও আরও যোগ করেন, “আমাদের রাষ্ট্রদূতরা অত্যন্ত নিষ্ঠার সাথে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে কাজ করছেন।”
উলেখ্য, যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার দেশগুলোর কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে অক্টোবরের মাঝামাঝি সময়ে উজবেকিস্তান সফরের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। সেখানে একশটিরও বেশি মার্কিন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি দল তাঁর সঙ্গে যোগ দেবে।
উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরকন্দ সফরকালে রুবিও মধ্য এশিয়ার ৫ দেশ (কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান)-কে নিয়ে গঠিত ‘সি৫+১’ (C5+1) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠকেও অংশ নেবেন।

