ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠনের মাধ্যমে সংসদের পূর্ণাঙ্গ কমিটি কাঠামো চূড়ান্ত হয়েছে। এর ফলে জাতীয় সংসদের মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটিসহ মোট ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হলো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিফ হুইপ মো. নুরুল ইসলাম সংসদে নতুন কমিটি গঠন ও বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
নবগঠিত চারটি কমিটির মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে বরগুনা-২ আসনের সদস্য ও চিফ হুইপ মো. নুরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটি গঠনের পাশাপাশি বেশ কয়েকটি বিদ্যমান সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে পুনর্গঠিত এই কমিটিগুলোর সভাপতি পদে কোনো পরিবর্তন আনা হয়নি। পুনর্গঠিত কমিটিগুলোর তালিকায় রয়েছে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

