বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দিলে ইউনিটটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। তবে কেন্দ্রের প্রথম ইউনিটটি স্বাভাবিক রয়েছে এবং সেখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য কাজ চলছে। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে ইউনিটটি পুনরায় সচল করতে অন্তত চার দিনের মতো সময় প্রয়োজন হতে পারে। তবে ঠিক কী কারণে এই ত্রুটি দেখা দিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের ২৩ ডিসেম্বর প্রথম ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল। এর প্রায় এক বছর পর ২০২৩ সালের ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিটটিতে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ইউনিটটি বাণিজ্যিক উৎপাদনে যুক্ত হয়। তবে উদ্বেগের বিষয় হলো, বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত কারিগরি গোলযোগসহ নানা কারণে ইউনিটটি ৩০ বারেরও বেশি বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

