দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই এবং চলমান পরিস্থিতি আগামী এক থেকে দুই দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কৃষিমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল দেশে কৃত্রিম সংকট তৈরির পাঁয়তারা করছে। তিনি জানান, গত বছরের তুলনায় বর্তমানে দেশে প্রায় ২ লাখ মেট্রিক টন সার বেশি মজুত রয়েছে। সার সরবরাহ ও বিতরণের বিষয়টি কঠোরভাবে নজরে রাখতে জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসময় প্রধানমন্ত্রী কৃষি ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

