যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে পাঁচ দিনের সফর সম্পন্ন করে দেশে ফেরার পথে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় গত রাত ৮টা ২৩ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২৭ সেপ্টেম্বর রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে প্রধানমন্ত্রী দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। একই দিন সকাল ৮টা ৪০ মিনিটে তাঁর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন। তাঁর এই চার দিনের নিউইয়র্ক সফরে মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, সফরে তিনি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গেও তিনি আলোচনায় মিলিত হন।
এসব উচ্চপর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, বৈশ্বিক শান্তি রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জনশক্তি রপ্তানির মতো বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া স্বাস্থ্য ও আঞ্চলিক সহযোগিতার মতো বিষয়গুলো নিয়েও তিনি বিশ্বনেতাদের সঙ্গে বিশদ আলোচনা করেছেন।
সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি আটটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং চারটি ভিন্ন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁর অংশগ্রহণ করা উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’, ‘ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক আলোচনা সভা।

