দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তি মজবুত করতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয় বড় ভূমিকা রেখে চলেছে। চলতি আগস্ট মাসের প্রথম আট দিনেই ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৯১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ হাজার ২২৭ কোটি টাকা। আজ রোববার (৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগস্টের প্রথম আট দিনে প্রবাসীরা প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ৫০০ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের (২০২৫ সাল) পুরো আগস্ট মাসে যেখানে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৮ কোটি ৭ লাখ ২৯ হাজার ৬৬৭ ডলার। ফলে বছরের ব্যবধানে চলতি মাসে প্রবাসী আয়ে বেশ বড় ধরনের ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই (জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত) এক মাস আট দিনে দেশে মোট ৩৭৭ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে।
ব্যাংকভিত্তিক প্রবাসী আয়ের চিত্র
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আগস্টের প্রথম আট দিনে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে যার পরিমাণ ৬৮ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ডলার এবং বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশে পরিচালিত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ৫০ হাজার ডলার।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত হওয়া এবং রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী গতি অব্যাহত থাকলে চলতি আগস্ট মাস শেষে প্রবাসী আয়ে নতুন রেকর্ড তৈরি হতে পারে।

