কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসসহ মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা এবং অপরজন ভারতীয় নাগরিক।
নিহত বাংলাদেশি প্রবাসীরা হলেন কানাইঘাটের গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়। কানাইঘাটের তালবাড়ি এলাকার বাসিন্দা কাতার প্রবাসী নাহিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মর্মান্তিক ঘটনার পর জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

