মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে পর্যটকদের যাতায়াত সহজ করতে শিগগিরই চালু হতে যাচ্ছে নতুন ধরনের একীভূত ভ্রমণ ভিসা। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই জানিয়েছেন, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ নামের এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকরা একটিমাত্র ভিসা ব্যবহার করে ছয়টি উপসাগরীয় দেশে ভ্রমণের সুযোগ পাবেন। উদ্যোগটি দ্রুতই আলোর মুখ দেখবে বলে তিনি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, এই একীভূত ভিসা কার্যকর হলে পর্যটকরা ইউরোপের শেনজেন ভিসার আদলে একটি অনুমতিপত্র দিয়েই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত ভ্রমণ করতে পারবেন।
রিয়াদের সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা
গত ৬ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর বিশেষ অধিবেশনে জিসিসি মহাসচিব এসংক্রান্ত অগ্রগতি তুলে ধরেন। তবে ভিসাটি ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন করা যাবে, এর নির্দিষ্ট ফি কত হবে কিংবা এর মেয়াদ কত দিন থাকবে—সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
বর্তমানে বিভিন্ন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জিসিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একীভূত এই ব্যবস্থাটি মাঠপর্যায়ে চালুর জন্য শেষ মুহূর্তের কারিগরি প্রস্তুতি নিচ্ছ।
একীভূত ভিসা পরিকল্পনার প্রেক্ষাপট
-
২০২৩ সালের অক্টোবর: জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীরা সর্বসম্মতিক্রমে একক পর্যটন ভিসার প্রস্তাব অনুমোদন করেন।
-
২০২৩ সালের নভেম্বর: স্বরাষ্ট্রমন্ত্রীরা প্রস্তাবটিতে চূড়ান্ত সম্মতি দেন।
-
২০২৫ সালের জুন: সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মাররি নিশ্চিত করেন যে, ভিসাটি অনুমোদিত হয়েছে এবং বাস্তবায়নের কাজ চলছে।
সংযুক্ত আরব আমিরাত-বাহরাইন ভ্রমণ প্রকল্প
সম্মেলনে জিসিসি মহাসচিব কেবল ভিসা নয়, সদস্যদেশগুলোর নাগরিকদের চলাচল সহজ করতে ‘ওয়ান-পয়েন্ট এয়ার ট্রাভেল’ বা একক সীমান্ত চেকপোস্ট ব্যবস্থার কথা তুলে ধরেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রকল্পটির কাজ শুরু হয়। এই ব্যবস্থায় যাত্রীরা বাহরাইনে একবার ইমিগ্রেশন ও বায়োমেট্রিক তথ্য যাচাই শেষ করলে সংযুক্ত আরব আমিরাতের যেকোনো বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের মুখোমুখি না হয়েই সরাসরি প্রবেশ করতে পারবেন।

