বয়স ৩৯ পার করলেও ফুটবলের শীর্ষ মঞ্চে লিওনেল মেসির প্রভাব বিন্দুমাত্র কমেনি। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও বিশ্বসেরাদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির এই অবিশ্বাস্য ধারাবাহিকতায় এবার মুগ্ধতা প্রকাশ করেছেন ফরাসি কিংবদন্তি ও ফ্রান্সের কোচ জিনেদিন জিদান।
ব্যালন ডি’অর কিংবা সর্বকালের সেরা (GOAT) ফুটবলার বিতর্ক মেসিকে নিয়ে কোনো সংশয় নেই ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী নায়কের। তার স্পষ্ট কথা, ব্যালন ডি’অরে ভোট দেওয়ার সুযোগ থাকলে প্রতিবারই তিনি মেসিকে বেছে নেবেন।
জিদান বলেন, ‘আমি মেসিকে ১০০ বার ভোট দেব। মানুষ সত্যিই বুঝতে পারে না, ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকা কতটা অবিশ্বাস্য।’
সাধারণত বয়সের সঙ্গে ফুটবলারদের গতি, ধার ও শারীরিক সক্ষমতা কমতে থাকে। তবে মেসির ক্ষেত্রে প্লে-মেকিং, নিখুঁত পাসিং আর গোল করার ক্ষমতায় এখনো ভাটা পড়েনি। জিদানের মতে, ব্যক্তিগত পুরস্কারের তালিকায় মেসিকে পেছনে ফেলার মতো প্রভাব চলতি মৌসুমে অন্য কেউ ফেলতে পেরেছেন কি না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে।
‘মেসি যদি পুরস্কারটি (ব্যালন ডি’অর) জেতে, আমি অবাক হব না,’ যোগ করেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
সর্বকালের সেরা ফুটবলার বিতর্ক নিয়েও কড়া জবাব দিয়েছেন জিদান। যারা এখনো মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের ফুটবলজ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
জিদানের ভাষায়, ‘এখনো যদি কারও গোট (GOAT) বিতর্ক নিয়ে সন্দেহ থাকে, সত্যি বলতে, সেই ব্যক্তি ফুটবল সমাজেরই অংশ নন।’
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ও সফল কোচের কাছ থেকে আসা এই মন্তব্য মেসিকে ঘিরে চলা সর্বকালের সেরা বিতর্কে নতুন বার্তা দিল সেরা হওয়ার মানদণ্ড বয়স নয়, মাঠে তার প্রভাবই শেষ কথা।

