যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নিম্নআয়ের পরিবার, প্রবাসী, চাকরি হারানো ব্যক্তি এবং খাদ্যসংকটে পড়া মানুষের জন্য বিনামূল্যে খাবার ও গ্রোসারি সহায়তা পাওয়ার বিশাল সুযোগ রয়েছে। শহরের পাঁচটি বরোতেই স্থায়ী ফুড প্যান্ট্রি, মোবাইল প্যান্ট্রি ও স্যুপ কিচেনসহ প্রায় ৮০০টি কেন্দ্রে বিনামূল্যে চাল, ডাল, ফলমূল, সবজি ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
নিউইয়র্কের পাঁচ বরো—ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডের অন্যতম প্রধান উদ্যোগ হলো ‘নিয়ন নিউট্রিশন কিচেন’ (NeON Nutrition Kitchen)। সরকারি তথ্য অনুযায়ী, প্রবেশনের আওতায় থাকা ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় কমিউনিটির যেকোনো ব্যক্তি সরাসরি এসব কেন্দ্র থেকে সপ্তাহের নির্দিষ্ট দিনে বিনামূল্যে শুকনা খাবার ও গ্রোসারি নিতে পারবেন।
বরোভিত্তিক প্রধান ৫টি নিয়ন নিউট্রিশন কিচেন:
-
ব্রঙ্কস: ১৯৮ ইস্ট ১৬১স্ট স্ট্রিট (মঙ্গলবার, বুধবার ও শুক্রবার; সকাল ৯টা–দুপুর ১২টা)।
-
ব্রুকলিন: ৩৪৫ অ্যাডামস স্ট্রিট (সোমবার, বুধবার ও শুক্রবার; সকাল ৯টা–দুপুর ১২টা)।
-
ম্যানহাটন: ১২৭ ওয়েস্ট ১২৭থ স্ট্রিট (বুধবার ও শুক্রবার; সকাল ৯টা–দুপুর ১২টা)।
-
কুইন্স: ১৬২-২৪ জামাইকা অ্যাভিনিউ (মঙ্গলবার, বুধবার ও শুক্রবার; সকাল ৯টা–দুপুর ১২টা)।
-
স্ট্যাটেন আইল্যান্ড: ৩৪০ বে স্ট্রিট (সোমবার, বুধবার ও বৃহস্পতিবার; সকাল ৯টা–দুপুর ১২টা)।
অন্যান্য কেন্দ্র ও সহায়তা পাওয়ার উপায়:
এছাড়াও ‘নিউইয়র্ক কমন প্যান্ট্রি’ (ম্যানহাটন) ও ‘রিচিং আউট কমিউনিটি সার্ভিসেস’ (ব্রুকলিন)-এর মতো শত শত সামাজিক সংস্থা নিয়মিত খাদ্য সহায়তা দিচ্ছে। আর স্থায়ী প্যান্ট্রি থেকে দূরে থাকা মানুষদের জন্য কাজ করছে ‘মোবাইল ফুড প্যান্ট্রি’, যার মাধ্যমে তাজা ফল ও হিমায়িত মাংস পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকি ইবিটি/এসএনএপি (SNAP) কার্ডধারীদের জন্য ‘গেট দ্য গুড স্টাফ’ কর্মসূচির মাধ্যমে বাড়তি ফল ও সবজি কেনার সুবিধা রয়েছে।
সহায়তা প্রার্থীরা সহজেই নিজের এলাকার সবচেয়ে কাছের ফুড প্যান্ট্রি বা স্যুপ কিচেনের সন্ধান পেতে নিউইয়র্ক শহরের ‘ফুড হেল্প এনওয়াইসি’ (Food Help NYC) অ্যাপ ও ‘ফুড ব্যাংক ফর নিউইয়র্ক সিটি’র ডিরেক্টরি ব্যবহার করতে পারেন। এছাড়া যেকোনো সময় সরাসরি ‘৩১১’ নম্বরে ফোন করে ‘Food Pantries’ বললেও নিকটস্থ কেন্দ্রের সঠিক ঠিকানা ও সময়সূচি জানা যাবে।

