সরবরাহ ব্যবস্থা নিয়ে নানামুখী শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা কমার আশঙ্কার বিপরীতে হরমুজ প্রণালিতে সম্ভাব্য উত্তেজনার মতো দুটি বিপরীতমুখী চাপের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বস্তির বার্তা এল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন লক্ষ করা গেছে।
ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের বর্তমান দাম
লেনদেনের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৬ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮২ ডলারে। আগের দিন দাম কিছুটা বাড়লেও পরদিনই তা আবার নিম্নমুখী হয়।
প্রতি লিটার তেলের দাম কত দাঁড়ায়?
আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, এক ব্যারেল অপরিশোধিত তেলে প্রায় ১৫৮ দশমিক ৯৮ লিটার তেল থাকে।
সে হিসেবে ব্রেন্ট ক্রুডের ৮৭ দশমিক ৬৬ ডলার প্রতি ব্যারেল দরকে লিটারে রূপান্তর করলে দাঁড়ায় প্রায় ০ দশমিক ৫৫ মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরে হিসাব করলে বিশ্ববাজারে বর্তমানে এক লিটার অপরিশোধিত ব্রেন্ট তেলের দর পড়ে প্রায় ৬৭ টাকা ৮২ পয়সা (বা প্রায় ৬৮ টাকা)।
তবে এটি কেবল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের নিজস্ব দর। বাংলাদেশে এটি এনে পরিশোধিত পেট্রল, অকটেন বা ডিজেল হিসেবে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, সরকারি শুল্ক-কর ও বিপণন খরচ যুক্ত হয়, যার ফলে খুচরা বিক্রয়মূল্য আন্তর্জাতিক দাম থেকে ভিন্ন হয়ে থাকে।
(তথ্যসূত্র: সিএনবিসি)

