হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক টেকনিক্যাল হেলপারের বেল্টের ভেতর থেকে ১২০টি সোনার বার জব্দ করেছে কাস্টমস। জব্দ করা এই সোনার মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি (প্রায় ১৪ কেজি), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা জানতে পারেন দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি-১৪৮’ ফ্লাইটের মাধ্যমে বিপুল পরিমাণ সোনা চোরাচালান হতে পারে। বেলা সাড়ে ১১টার দিকে বিমানটি অবতরণ করলে কাস্টমস হাউস ও প্রিভেন্টিভ টিম উড়োজাহাজের অভ্যন্তরে বিশেষ তল্লাশি শুরু করে।
একপর্যায়ে মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা কাজ শেষে নিচে নামার সময় তল্লাশি চালানো হয়। বিমানের নিরাপত্তাকর্মী নুর ইসলামের সহযোগিতায় তল্লাশিকালে সোয়েব গাজীর কোমরের বেল্টের ভেতর কালো স্কচটেপে মোড়ানো সন্দেহজনক বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে কাস্টমস হলে অন্যান্য সংস্থার উপস্থিতিতে বস্তুগুলো খুলে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়।
এনবিআর জানায়, প্রবাস থেকে আসা এই সোনা শুল্ক-কর ফাঁকি দিয়ে অত্যন্ত কৌশলে বিমানবন্দরের বাইরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযানের সময় এভসেক, কাস্টমস গোয়েন্দা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
জব্দকৃত সোনার বারগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান পণ্যের গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

