২০১৮ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানালেও দীর্ঘ ৮ বছর পর আবারও সবুজ মাঠে ফিরছেন ৪৬ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় (Ravenna FC) নাম লিখিয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা।
বৃহস্পতিবার ইতালির রাভেন্নার একটি সমুদ্রসৈকতে আয়োজিত ‘রোনালদিনিও ডে’ অনুষ্ঠানে হাজার হাজার দর্শকের সামনে আনুষ্ঠানিকভাবে ক্লাবের ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয় তাঁর হাতে।
মাঠে ফেরা ও ৩০০তম গোলের মাইলফলক
রোনালদিনিও সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের সেপ্টেম্বরে, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। দীর্ঘদিন পর পেশাদার ফুটবলে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “ইতালিতে ফিরতে পেরে দারুণ লাগছে। আমি ভালো ফিট আছি এবং ভালো অনুভব করছি। সতীর্থদের জিততে সাহায্য করাই আমার লক্ষ্য।”
ক্যারিয়ারের অনন্য এক মাইলফলকের কাছাকাছি রয়েছেন এই উইজার্ড। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর তথ্যমতে, ফুটবল ক্যারিয়ারে ৭৮৭ ম্যাচে ২৯৯টি গোল করেছেন তিনি। আর মাত্র একটি গোল করলেই পেশাদার ক্যারিয়ারে ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করবেন বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকা।
প্রত্যাবর্তনের পেছনের কথা
চলতি বছরের জুনে ২০২৬ বিশ্বকাপ চলাকালে মায়ামিতে রাভেন্নার ইতালিয়ান-আমেরিকান মালিক ইগনাসিও সিপ্রিয়ানি প্রথম রোনালদিনিওকে ক্লাবে নেওয়ার পরিকল্পনার কথা প্রকাশ করেন। একই সঙ্গে রোনালদিনিও ক্লাবটির কিছু শেয়ারও কিনবেন বলে জানানো হয়েছে।
তবে রাভেন্না কর্তৃপক্ষের দাবি, এটি কেবল কোনো প্রচারণামূলক কৌশল (Marketing Stunt) নয়; বরং রোনালদিনিওর ক্যারিয়ারের শেষ স্মরণীয় গোলটি উপহার দেওয়ার একটি ‘রোমান্টিক’ চেষ্টা।
নতুন মৌসুমে রাভেন্নার প্রথম ম্যাচ সোমবার রেজিয়ানার বিরুদ্ধে হলেও ইতালীয় সংবাদমাধ্যম ‘লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্ত’ জানিয়েছে, এখনই মাঠে নামছেন না রোনালদিনিও। কোচ সিদ্ধান্ত নিলেই তাঁকে চূড়ান্ত একাদশে দেখা যাবে।

