রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান এবং সেবার পরিধি বাড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আশা প্রকাশ করেন, অ্যানেসথেসিয়া সংকটের সমাধান হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা জানান।
আইসিইউ বেড ও জনবল সংকট কাটে ওঠার আশ্বাস
হাসপাতালের আইসিইউ সংকট প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, “এখানে আইসিইউ বেডের ঘাটতি রয়েছে। প্রধানত অ্যানেসথেসিয়ার সংকটের কারণে এতদিন আইসিইউ বেডগুলো চালু করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে অ্যানেসথেসিয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যেই নতুন করে আইসিইউ বেডগুলো চালুর মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা যাবে।”
স্বাস্থ্য খাতের জনবল সংকট দূরীকরণে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, জনবল সংকট বর্তমানে গোটা স্বাস্থ্য খাতেরই একটি বড় চ্যালেঞ্জ। সরকার ইতোমধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। খুব দ্রুত এই প্রক্রিয়া শেষ হলে রমেক হাসপাতালের প্রয়োজনীয় জনবল ও সেবার চাহিদা পূরণ করা সম্ভব হবে।
সবাইকে পাশে থাকার আহ্বান
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে সাধারণ মানুষের জন্য একটি উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা পেলে খুব অল্প সময়ের মধ্যেই নতুন সেবা চালুসহ হাসপাতালের সামগ্রিক চিত্র পরিবর্তন করা সম্ভব হবে।
এর আগে সকালে ত্রাণমন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

