২০৩০ বিশ্বকাপে ৬৪ দল? সম্ভাব্যতা যাচাইয়ে ফিফা

৪৮ দলের বিশ্বকাপের পর এবার অংশগ্রহণকারী দেশের সংখ্যা আরও বাড়ানোর চিন্তা করছে ফিফা। ২০৩০ সালের শতবর্ষের বিশ্বকাপে ৬৪টি দল খেলানো সম্ভব কি না, তা যাচাই করতে একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ফিফার একটি গবেষণা নথিতে এ তথ্য জানা গেছে। সম্ভাব্য সম্প্রসারণ বিশ্বকাপের প্রতিযোগিতামূলক মান, বাণিজ্যিক সম্ভাবনা, খেলোয়াড়দের কল্যাণ, আন্তর্জাতিক সূচি ও টুর্নামেন্ট পরিচালনায় কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা বিশ্লেষণ করবে নির্বাচিত প্রতিষ্ঠানটি।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়। এতে গ্রুপের সংখ্যা বাড়ার পাশাপাশি শেষ বত্রিশের নতুন নকআউট পর্ব যোগ হয়। ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়ায় ১০৪টিতে। নতুন এই সংস্করণের পরবর্তী আসরেই দল আরও বাড়ানোর সম্ভাবনা সামনে আনল ফিফা।

৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি প্রথম আনুষ্ঠানিকভাবে দেয় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তাদের যুক্তি, বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপনের বিশেষ আসরে আরও বেশি দেশকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।

ফিফার গবেষণা নথিতে বলা হয়েছে, ২০৩০ সাল থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করা হলে টুর্নামেন্টের সামগ্রিক কাঠামোর ওপর কী প্রভাব পড়বে এবং পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নির্ধারণের জন্য একটি স্বাধীন প্রতিষ্ঠান নিয়োগ দিতে চায় ফিফা।

গবেষণায় শুধু সম্ভাব্য আর্থিক লাভের বিষয়টি বিবেচনা করা হবে না। দলের সংখ্যা বাড়লে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হবে কি না, তুলনামূলক দুর্বল দলের সংখ্যা বাড়বে কি না, খেলোয়াড়দের ওপর চাপ কতটা বাড়বে এবং ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে অতিরিক্ত ম্যাচ আয়োজন সম্ভব হবে কি না—এসব প্রশ্নেরও উত্তর খোঁজা হবে।

একই সঙ্গে টিকিট বিক্রি, সম্প্রচারস্বত্ব ও পৃষ্ঠপোষকতা থেকে সম্ভাব্য অতিরিক্ত আয়ের হিসাবও করা হবে। ফিফা চায়, চূড়ান্ত প্রতিবেদনে ৬৪ দলের বিশ্বকাপ নতুন আর্থিক মূল্য তৈরি করতে পারবে কি না এবং সেই মূল্য দীর্ঘমেয়াদে টেকসই হবে কি না, তা স্পষ্টভাবে উল্লেখ করা হোক।

ফিফার এই উদ্যোগের বিরোধিতাও রয়েছে। উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিন এর আগে ৬৪ দলের বিশ্বকাপকে ভালো পরিকল্পনা নয় বলে মন্তব্য করেছিলেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাও প্রতিযোগিতাটির আরও সম্প্রসারণের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

বিশ্বকাপসহ নিজেদের বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা নিয়েও সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছিল ফিফা। ওই পরিকল্পনার প্রতিবাদে উয়েফার ৫৫টি সদস্যদেশ ফিফার প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বিরোধিতার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিভাজন তৈরি হওয়ায় ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের প্রস্তাবিত প্রকল্পটি আর এগিয়ে নেওয়া হবে না।

ফিফার নথি অনুযায়ী, গবেষণার দায়িত্ব কোন প্রতিষ্ঠান পাবে, তা আগামী ১৪ আগস্ট নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রতিষ্ঠানকে মাত্র চার সপ্তাহের মধ্যে, অর্থাৎ ১১ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে।

২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, পর্তুগাল ও স্পেন। টুর্নামেন্টের শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়ের পাশাপাশি আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

শিরোনাম :
পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.