পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, ছাদ ও আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ সোমবার রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনের এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে তিনি বাউনিয়াবাঁধ ই ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল ও বাউনিয়াবাঁধ এ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনটি চারা রোপণ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, সুযোগ পেলেই সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনের এই সংকটের সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রয়োজনীয় অক্সিজেন নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
সরকারের বিশাল লক্ষ্যমাত্রার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তোমরা সবাই যদি একটি করে গাছ লাগাও, তবে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশীদার হিসেবে তোমাদের নামও যুক্ত থাকবে।’
পরে তিনি শিক্ষার্থীদের হাতে-কলমে গাছ লাগানোর সঠিক পদ্ধতি শিখিয়ে দেন এবং ছাদ বা আঙিনায় গাছের নিয়মিত যত্ন নেওয়ার পরামর্শ দেন। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

