পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ত করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে ঢাকায় চালু হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। আজ সোমবার রাজধানীর হাজারীবাগ বস্তি সংলগ্ন মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচি চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ সূচনা করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনের পরই স্থানীয় বাসিন্দারা তাঁদের কাছে থাকা প্লাস্টিক ও অন্যান্য গৃহস্থালি বর্জ্য জমা দিয়ে মেলা থেকে চাল, ডাল, তেল, লবণ, আলু ও টিস্যুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ড্রেন ও নালা-নর্দমায় গৃহস্থালি প্লাস্টিক ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাগরিকদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাসে উৎসাহিত করতেই এই মডেল গ্রহণ করা হয়েছে। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে গুলিস্তানে একটি এবং আগামী তিন থেকে চার মাসের মধ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একটি করে স্থায়ী স্টল নির্মাণ করা হবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন জানান, প্রান্তিক মানুষকে কেবল সাহায্য না দিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশীদার করাই এই প্রকল্পের লক্ষ্য। বিগত দুই বছরে প্লাস্টিক বর্জ্য বিক্রি করে সংগৃহীত ১ কোটি টাকা দিয়ে প্রায় ৪ লাখ মানুষকে আহার করানো সম্ভব হয়েছে।
আয়োজকেরা জানান, এই উদ্যোগের আওতায় আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে অন্তত ১ লাখ কেজি বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সুবিধাজনক স্থানে পথশিশুদের জন্য ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচির পরিকল্পনাও রয়েছে।

