রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন চতুর্থ।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সংস্থাটির সূচকে ঢাকার বায়ুমান (AQI) স্কোর রেকর্ড করা হয় ১৯৬, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’ পর্যায় হিসেবে গণ্য করা হয়।
শীর্ষে ভারত ও পাকিস্তানের শহরগুলো:
আইকিউএয়ারের আজকের তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। নগরীটির একিউআই স্কোর ছিল ২৭৫। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ২৭৫) এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা (স্কোর ২৩৬)। অন্যদিকে, ১৬৮ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে আফগানিস্তানের রাজধানী কাবুল।
বায়ুমানের সূচক ও স্বাস্থ্যঝুঁকি:
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
শীত মৌসুম যত ঘনিয়ে আসছে, রাজধানীর বাতাস তত বেশি ভারী ও দুষিত হয়ে উঠছে। বিশেষজ্ঞরা এই সময়ে বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের মাস্ক ব্যবহারের এবং বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

