বাংলাদেশ সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই পক্ষ সংসদীয় গণতন্ত্র ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হয়।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণ জরুরি। এ সময় জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়ে নিয়মিত আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে আলোচনা হয়। আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ জানান, তরুণ এমপিদের কার্যক্রম বাড়ানো তাঁদের সংস্থার অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় আইপিইউর সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
বৈঠকে আইপিইউর প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া ও সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন। অপরদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহাদ মাবরুর উপস্থিত ছিলেন।

