রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের প্রতিষ্ঠিত ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ (BrownFish Studio) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। চাঁদা দাবি ও বিরোধকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় অবস্থিত এই স্টুডিওতে এই ঘটনা ঘটে।
স্টুডিওর কর্মী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার রাতে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি সশস্ত্র দল জোরপূর্বক স্টুডিওর ভেতরে প্রবেশ করে। হামলাকারীদের কয়েকজনেরহাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় ভয়ে স্টুডিওর কর্মীরা শৌচাগারে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়ে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করে নিয়ে যায়।
হামলাকারীরা স্টুডিওর ভেতরে থাকা মূল্যবান শুটিং সরঞ্জাম, আসবাবপত্র এবং নিরাপত্তার জন্য স্থাপন করা প্রায় ২৯টি সিসিটিভি ক্যামেরা সম্পূর্ণ ভাঙচুর ও তছনছ করে। স্থানীয় একটি রিয়েল এস্টেট প্রকল্পের জমির মালিকের কাছে চাঁদা দাবি করা হয়েছিল এবং সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে এই হামলা হয় বলে দাবি করেছেন সালমান মুক্তাদির।
খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর সালমান মুক্তাদির তার ভেরিফায়ার্ড ফেসবুক পেজে লাইভে এসে স্টুডিওর ধ্বংসপ্রাপ্ত দৃশ্য তুলে ধরেন এবং সংস্কৃতি অঙ্গনের সার্বিক নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেন।

