জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা (লিগ্যাল অফিসার) হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা।
জাতিসংঘের কর্মকর্তাদের তথ্যমতে, ৮০টি দেশের প্রতিনিধি সংবলিত ও ৪০ জন নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে গঠিত সভাপতির বিশেষ ক্যাবিনেটে জাইমা রহমান আইনি ও প্রশাসনিক বিষয়গুলো দেখাশোনা করবেন।
ক্যাবিনেটে ছয় বাংলাদেশি কূটনীতিক ও বিশেষজ্ঞ
সাধারণ পরিষদ সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ের মূল ৪০টি নির্বাহী পদে মোট ৬ জন বাংলাদেশি দায়িত্ব পালন করছেন।
অন্যান্য পদে নিযুক্ত বাংলাদেশিরা হলেন:
-
মো. আবদুল আলিম: ডেপুটি চিফ অব ক্যাবিনেট (উপ-প্রধান)।
-
মোয়াজ্জেম হোসেন: উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী।
-
মাফিজুল ইসলাম: তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা।
-
জাকির আহমেদ: টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা।
-
মো. রফিকুল আলম মোল্লা: বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা।
শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা
জাইমা রহমান যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। এছাড়া ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সাধারণ পরিষদের সভাপতি পদটি সরাসরি জাতিসংঘের নিয়মিত বেতনভুক্ত কর্মচারীর আওতায় পড়ে না; তাদের আনুতোষিক ও আবাসন ভাতা নিজ নিজ দেশ বা জাতিসংঘের বিশেষ ট্রাস্ট ফান্ড থেকে সংস্থান করা হয়ে থাকে।

