চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক দক্ষতা প্রতিযোগিতার বৈশ্বিক মঞ্চ ‘৪৮তম ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬’-এ দুটি ভিন্ন পেশাগত দক্ষতা খাতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের ৬৮টি দেশের প্রায় ১,৪০০ জন বিশ্বমানের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে বিশ্বজুড়ে ১০ম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ১৫তম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণরা।
এই প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখে বাংলাদেশের জন্য মর্যাদাপূর্ণ ‘বেস্ট অব নেশন’ (Best of Nation) সম্মাননা ছিনিয়ে এনেছেন তরুণ প্রতিযোগী মাশফি রেজোয়ান সৈকত।

কড়া ভোটাভুটিতে ‘বেস্ট অব নেশন’ অর্জন
প্রতিযোগিতায় স্ব-স্ব দেশের প্রতিযোগীদের সামগ্রিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রতিনিধিদলের প্রধানের সুপারিশে প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সাধারণ সভায় (General Assembly) সদস্য দেশগুলোর চূড়ান্ত ভোটাভুটির মাধ্যমে ‘বেস্ট অব নেশন’ নির্বাচন করা হয়।
কম্পিউটার সফটওয়্যার টেস্টিং বিভাগে দারুণ পারফর্ম করা মাশফি রেজোয়ান সৈকতকে ভোটাভুটি শেষে চূড়ান্তভাবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য মনোনীত করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হয়।
আন্তর্জাতিক অংশীদারত্ব ও ‘জাপান ২০২৮’-এর প্রস্তুতি
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের একটি বাংলাদেশ প্রতিনিধিদল উক্ত সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।
আন্তর্জাতিক এই আসরের ফাঁকে এনএসডিএর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল বিশ্বের বিভিন্ন দক্ষতা উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করে। আলোচনায় বাংলাদেশের উদীয়মান কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধি এবং পরবর্তী আসর—‘ওয়ার্ল্ডস্কিলস জাপান ২০২৮’-এ বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী ও বিস্তৃত করার বিষয়ে আলোকপাত করা হয়।

