সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সেদেশের আইনকানুন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের আইন বা সার্বিক শৃঙ্খলার পরিপন্থী এমন কোনো পোস্ট বা ভিডিও ফেসবুক, ইউটিউব কিংবা এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা যাবে না। এমনকি এই ধরনের পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি যেকোনো নথিপত্র ভালোভাবে না পড়ে স্বাক্ষর বা আঙুলের ছাপ দিতে নিষেধ করা হয়েছে; বিশেষ করে সাদা কাগজে কোনো অবস্থাতেই স্বাক্ষর না করার পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিজের ইকামা (রেসিডেন্স পারমিট) ব্যবহার করে অন্য কারও নামে সিম কার্ড, গাড়ি বা কোনো পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে। এছাড়া এক স্পন্সরের ইকামায় অন্য স্থানে কাজ করা, রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে বিক্রি করা, অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা কিংবা অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ড সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।
পরিচিত বা অপরিচিত কারও সাথে অবৈধ আর্থিক লেনদেন থেকে দূরে থাকা এবং চাকরির ভুয়া প্রলোভনে না পড়ার বিষয়েও সতর্ক করেছে কনস্যুলেট। স্থানীয় আইন ও নির্দেশনা মেনে চললে প্রবাসীদের জীবন নিরাপদ থাকবে এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি বজায় থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

