দুই দশক আগেও ইংল্যান্ডের শিক্ষাব্যবস্থায় শ্বেতাঙ্গ ব্রিটনদের তুলনায় অভিবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা বেশ পিছিয়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তারা এক অভাবনীয় পরিবর্তন এনেছে। ব্রিটিশ প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট-এর এক সাম্প্রতিক নিবন্ধে উঠে এসেছে যে, ইংল্যান্ডে বসবাসকারী অন্য যেকোনো জাতির শিক্ষার্থীদের তুলনায় বাংলাদেশিরা শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি করেছে। ফলে সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে স্থান পাওয়া এবং ভালো ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তারা দারুণভাবে এগিয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির হারে চমকপ্রদ উল্লম্ফন:
প্রতিবেদনে পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে বর্তমান সময় পর্যন্ত ব্রিটেনের সবচেয়ে প্রতিযোগিতামূলক ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির হার ৫ শতাংশ থেকে নাটকীয়ভাবে বেড়ে ১৬ শতাংশে দাঁড়িয়েছে। তুলনামূলকভাবে, একই সময়ে শ্বেতাঙ্গ ব্রিটন শিক্ষার্থীদের এই হার ৮ শতাংশ থেকে সামান্য বেড়ে মাত্র ১০ শতাংশে পৌঁছেছে।
অথচ ১৯৮৫ সালের দিকে পূর্ব লন্ডনের স্কুলগুলোর ওপর পরিচালিত এক গবেষণায় বাংলাদেশি শিক্ষার্থীদের পারফরম্যান্সকে “খুবই বাজে” বলে উল্লেখ করা হয়েছিল। তখনকার বিশিল্পায়ন এবং প্রতিকূল সামাজিক পরিস্থিতির কারণে বাংলাদেশিরা আরও প্রান্তিক পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা করা হলেও তারা নিজেদের অধ্যবসায় ও পরিশ্রমে সেই ভবিষ্যৎ বাণীকে ভুল প্রমাণিত করেছে।
সাফল্যের পেছনের মূল কারণসমূহ:
-
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও নীতিগত সহায়তা: সত্তরের দশকে অভিবাসী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমানো বাংলাদেশিদের জীবনযাত্রা ও শিক্ষার হার বেশ নাজুক ছিল। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে ও গৃহবন্দী জীবনের সংস্কৃতি প্রচলিত থাকলেও পরবর্তীতে সচেতনতা বৃদ্ধি পায়। ১৯৯৭ সালে লেবার সরকারের গঠিত এডুকেশন টাস্ক ফোর্সের মাধ্যমে দরিদ্র ইনার-সিটি স্কুলগুলোতে অতিরিক্ত বাজেট বরাদ্দ ও কঠোর তদারকি এই সাফল্যের ভিত্তি গড়ে দেয়।
-
লন্ডনের অর্থনৈতিক কেন্দ্রের সুবিধা: যুক্তরাজ্যের অন্যান্য অভিবাসী গোষ্ঠীর তুলনায় বাংলাদেশিরা সবচেয়ে বেশি রাজধানী-কেন্দ্রিক। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটিশ বাংলাদেশিদের ৫৫ শতাংশই লন্ডনে বসবাস করে। আশির দশকের মধ্যভাগ থেকে লন্ডনের অর্থনৈতিক পুনর্জাগরণ এবং বাণিজ্যিক কেন্দ্রের কাছাকাছি অবস্থানের কারণে তারা উন্নত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দ্রুত লুফে নিতে পেরেছে।
কিছু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা:
শিক্ষা ও ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও প্রতিবেদনে কিছু সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথাও তুলে ধরা হয়েছে। ব্রিটিশদের তুলনায় বাংলাদেশিদের গড় সম্পদ এখনো মাত্র এক-পঞ্চমাংশ এবং প্রায় ২৪ শতাংশ বাংলাদেশি বিভিন্ন ধরনের সরকারি ভাতার ওপর নির্ভরশীল (যেখানে অন্যান্য জাতির ক্ষেত্রে এই হার ১৬ শতাংশ)। এছাড়া শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ ও ভারতীয় নারীদের তুলনায় বাংলাদেশি নারীদের একটি বড় অংশ—অর্ধেকেরও কম—অর্থনৈতিকভাবে সক্রিয় নয়।
তব এসকল প্রতিকূলতা সত্ত্বেও প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্রিটিশ সমাজে বাংলাদেশিরা নিজেদের অবস্থান অত্যন্ত সুদৃঢ় ও মর্যাদাপূর্ণ করে তুলেছে বলে মনে করছে দ্য ইকোনমিস্ট।

