চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে ব্যাংকের আবাসিক কক্ষের যাবতীয় আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শাখার ব্যবস্থাপক মাহমুদা আক্তার।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে ব্যাংকের ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কর্মকর্তাদের আবাসিক কক্ষে এই নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ:
শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার জানান, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দ্বিতীয় তলার আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রলভর্তি বোতলজাতীয় বস্তু নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই কক্ষে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছ ছড়িয়ে পড়ে।
গ্রামীণ ব্যাংকের শাখা অফিস সহকারী নিত্য হাওলাদার জানান, রাতে জানালা দিয়ে হঠাৎ আগুন ছড়িয়ে পড়তে দেখে তারা দ্রুত কক্ষ থেকে বের হয়ে আত্মরক্ষা করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকের ভবনের একাংশ, মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
পুলিশের তদন্ত ও আইনি ব্যবস্থা:
ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খয়রুল কবির এবং সদর মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে ইতোমধ্যে ছায়া তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আলামত সংগ্রহ করে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

