প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই। ৭৭ বছর বয়সে শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। তাদের দাম্পত্য জীবন শুরু হয় ১৯৬৭ সালে। পূরবী বসু মৃত্যুকালে স্বামী ছাড়াও এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে আক্রান্ত ছিলেন এই গুণীজন। তার স্বামী জ্যোতিপ্রকাশ জানান, অতীতে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে তার একবার স্ট্রোকও হয়েছিল। তার মৃত্যুতে সাহিত্য ও বিজ্ঞান অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাহিত্য ও জীবনের দীর্ঘ পথচলায় তারা ছিলেন একে অপরের সহযাত্রী।
মুন্সীগঞ্জে ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর জন্ম নেওয়া পূরবী বসু কর্মজীবনে বিজ্ঞানের জগতে নিজের মেধা ও দক্ষতা প্রমাণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। এরপর পেনসিলভানিয়ার মেডিকেল কলেজ থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। তিনি নিউ ইয়র্কের বিখ্যাত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। দেশে ফিরে তিনি ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞানের পাশাপাশি সাহিত্যের প্রতিও ছিল তার গভীর অনুরাগ। তার গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতার ৪০টির বেশি বই প্রকাশিত হয়েছে। তার লেখায় প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নারীবাদী চেতনার প্রতিফলন দেখা যায়। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’ ইত্যাদি।
সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

