নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দিনদুপুরে গতি রোধ করে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় মহাসড়কের ওপর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জের হোড়গাঁও এলাকার বাসিন্দা বরকত উল্লাহ তার মেয়েজামাই ফ্রান্স প্রবাসী মাসুমকে সঙ্গে নিয়ে জমি রেজিস্ট্রির উদ্দেশ্যে রোববার সাড়ে ১১টার দিকে ভুলতা এলাকার ঢাকা ব্যাংক শাখা থেকে ১১ লাখ এবং ইসলামী ব্যাংক শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলন করা মোট ২৬ লাখ ৮০ হাজার টাকা মাসুমের কাছে থাকা একটি ব্যাগে রাখা হয়।
পরবর্তীতে টাকাভর্তি ব্যাগসহ মাসুম মোটরসাইকেলযোগে করাটিয়ার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তার পথ রোধ করে। প্রাইভেটকার থেকে ৩-৪ জন অজ্ঞাত সশস্ত্র ছিনতাইকারী নেমে মাসুমকে মোটরসাইকেলসহ ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং শারীরিক নির্যাতন চালিয়ে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়। এতে মাসুম শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
ঘটনার পরপরই রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জমি ক্রয়ের উদ্দেশ্যে জমানো সমুদয় টাকা হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের শনাক্ত, গ্রেফতার এবং ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

