ইসরায়েলের যুদ্ধবাজ সরকার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। শনিবার (২৯ আগস্ট) দেওয়া এক ভাষণে ইসরায়েলি আগ্রাসন রুখতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদনে জানানো হয়, তুর্কি প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে বলেন, “জায়নবাদ এখন পুরো প্রতিবেশী অঞ্চলের শান্তিকামী মানুষের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।” এরদোয়ান আরও অভিযোগ করেন, যেসব দেশ ও শক্তি মানবিক মূল্যবোধ রক্ষা করতে এগিয়ে আসছে, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে।
একই সঙ্গে ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও অপর্যাপ্ত পদক্ষেপে তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, সব নিয়ম-নীতি ও সীমানা অতিক্রমকারী এই আইনহীন নীতির বিরুদ্ধে দ্রুত আন্তর্জাতিক ও ইসলামী প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

