পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না বলে নিজেদের স্পষ্ট ও অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর বরাতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের এই নীতিগত অবস্থানের কথা জানা যায়। সম্প্রতি ট্রাম্প প্রশাসন রিয়াদের সাথে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর সেটিকে ‘আব্রাহাম চুক্তি’-এর আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে মার্কিন কংগ্রেসে অনুমোদনের জন্য বিবেচনার প্রস্তাব পাঠায়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান সৌদি আরব যেন অবধারিতভাবে আব্রাহাম চুক্তিতে যোগ দেয়।
তবে ওয়াশিংটনের এমন শর্তকে সরাসরি নাকচ করে দিয়েছেন এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা। তিনি জানান, পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্বের অংশ এবং এর সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সৌদি কর্মকর্তা সাফ জানিয়ে দেন, “সৌদি আরবের অবস্থান অত্যন্ত স্পষ্ট, দৃঢ় ও অপরিবর্তনীয়। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো ধরনের বাণিজ্যিক কিংবা কূটনৈতিক সম্পর্ক হবে না।”
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান দ্বিপাক্ষিক বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করলেও কূটনৈতিক শর্ত নিয়ে জলঘোলা অব্যাহত রয়েছে।

