রাজধানী মিরপুর-১ নম্বরে অবস্থিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ স্বাস্থ্যসেবা কেন্দ্রে দুষ্কৃতকারীদের ভাঙচুরের পর মাত্র সাত দিনের ব্যবধানে সংস্কার ও আধুনিকায়ন কাজ সম্পন্ন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল চারটায় নতুন রূপ পাওয়া সেবামূলক প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে রাড্ডা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
হস্তান্তরকালে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, রাতের অন্ধকারে একদল বিশৃঙ্খলাকারী সেবামূলক প্রতিষ্ঠানটিতে হামলা ও তাণ্ডব চালিয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রী এবং সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেই তিনি নিজে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যক্তিগত উদ্যোগে কেন্দ্রটিকে দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেন।
আমিনুল হক বলেন, “প্রতিষ্ঠানটির মাধ্যমে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য প্রথম দিন থেকেই সেবা চালু রাখার চেষ্টা করা হয়েছে। পরবর্তী সাত দিনের টানা সংস্কার কার্যক্রম শেষে আজ আধুনিক সংস্করণে সেবা কেন্দ্রটি হস্তান্তর করা হলো।”
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মাত্র এক সপ্তাহের মধ্যে কেন্দ্রের নতুন রূপ ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্তৃপক্ষ।

