নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের মূল্যবান ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করে নাটোর সদর মডেল থানা-পুলিশ।
থানা-পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত ৭ অক্টোবর বগুড়ার ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন শেষে নাটোরে পৌঁছালে নিজেকে রেলকর্মী পরিচয় দেওয়া এক প্রতারক কৌশলে ক্রিল ল্যান্ডারের সাথে সখ্য গড়ে তোলে। পরবর্তীতে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সুযোগে ওই যুবক ক্রিলের ব্যাগটি নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হলুদ কটি পরিহিত অভিযুক্ত যুবক ব্যাগের মালামাল কটির ভেতরে লুকিয়ে স্টেশন ত্যাগ করেন।
ল্যাপটপটি উদ্ধারের খবর নিশ্চিত হওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার জানান, তিনি অত্যন্ত আনন্দিত। নির্ধারিত সময়ে ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও উদ্ধার হওয়া ল্যাপটপটি বুঝে নিয়ে পরবর্তীতে বাংলাদেশ ত্যাগ করবেন বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ওই চুরির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হলে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা অভিযুক্তকে শনাক্তে তৎপর হয় এবং ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণাও করা হয়। অন্যদিকে উপহার হিসেবে এক সুহৃদ বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ‘ম্যাকবুক’ গ্রহণের পর এবার নিজের খোয়া যাওয়া ল্যাপটপটি ফেরত পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে এই পর্যটকের মনে।

