সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকার প্রেক্ষাপটে চরম অনিশ্চয়তায় পড়া প্রবাসীদের জন্য বিকল্প যাত্রাপথের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের রিয়াদের পরিবর্তে বিকল্প হিসেবে ‘মদিনা’ রুটের ফ্লাইটে সৌদি আরবে পৌঁছানোর বিশেষ সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থাটি।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিমানের প্রধান কার্যালয় বলাকার টিকিট বিক্রয়কেন্দ্রে বিকল্প টিকিটের জন্য শত শত প্রবাসীর ভিড় লক্ষ্য করা গেছে। রিয়াদগামী অনেক যাত্রীর ছুটির মেয়াদ ও ভিসার মেয়াদ শেষ হতে চলায় চাকরি হারানোর শঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি বিবেচনায় ভোগান্তি ও দুশ্চিন্তা কমাতে বিমান বিশেষ ‘অগ্রাধিকার তালিকা’ করে টিকিট পুনরায় ইস্যু করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপণন বিভাগ জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ একদম শেষ পর্যায়ে এবং যাদের সোমবারের বাতিল হওয়া ফ্লাইটে ভ্রমণের কথা ছিল, টিকিট পুনর্বিন্যাসের ক্ষেত্রে তাদেরই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এছাড়া সাময়িক এই সংকটে যাত্রীদের আর্থিক ক্ষতি এড়াতে বাতিল হওয়া ফ্লাইটের টিকিট কোনো ধরনের ‘ক্যানসেলেশন ফি’ বা বাড়তি মাশুল ছাড়াই পুনরায় ইস্যু করে দেওয়া হচ্ছে। বিমান কর্তৃপক্ষ জানায়, মদিনা বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসীরা নিজ ব্যবস্থাপনায় সড়কপথে রিয়াদসহ তাদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছাবেন। অহেতুক ভোগান্তি এড়াতে বিমানবন্দরে যাওয়ার আগেই ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি নিজ নিজ এয়ারলাইনস থেকে নিশ্চিত হয়ে নেওয়ার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।

