সারাদেশে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার আওতায় থাকবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র।

আজ পঞ্চগড় জেলা হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবাসংক্রান্ত বিষয়ের প্রশিক্ষণ মডেল আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে এ সহায়তার কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ড. মো. মিজানুর রহমানের কাছে এসব প্রশিক্ষণ মডেল তুলে দেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ লাখ ডলারের এই চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলসহ দেশের নানা প্রান্তের মা ও নবজাতকদের জরুরি এবং মানসম্মত চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে এই সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

