মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি সুপারট্যাংকারে প্রক্ষেপণাস্ত্রের (প্রোজেক্টাইল) আঘাত হানার ঘটনা ঘটেছে। সোমবার রাতে কয়েক মিনিটের ব্যবধানে এসব হামলার ঘটনা ঘটে বলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মারিস্কস ও কেপলার জানিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার ট্যাংকার দুটি হলো—সৌদির পতাকাবাহী ‘সিদর’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী ‘সেনেগাল প্রস্পারিটি’। ট্যাংকার দুটি ওমানের নিয়ন্ত্রণাধীন প্রণালির অংশ দিয়ে আন্তর্জাতিক রুটে বের হওয়ার পথে আক্রমণের মুখে পড়ে। তবে হামলায় কোনো জাহাজের নাবিক হতাহত হননি।
কেপলারের দেওয়া তথ্যমতে, গত সপ্তাহে সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে প্রতিটি ট্যাংকার ২০ লাখ ব্যারেল করে মোট ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করেছিল।
সামুদ্রিক তথ্য প্রদানকারী সংস্থা মারিস্কস জানায়, ওমানি করিডোরে একই সময়ে পরপর দুটি জাহাজে হামলার ঘটনাটি সংবেদনশীল এ রুটে নিরাপত্তা পরিস্থিতির বড় ধরনের অবনতির ইঙ্গিত দিচ্ছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ সদ্য বিদায়ী আগস্ট মাসে হরমুজ প্রণালি দিয়ে নতুন করে তেল পরিবহন চালু করে। বিশ্বের অন্যতম প্রধান এই সামুদ্রিক তেলের রুটে আবার হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারের নিরাপত্তা ও সরবরাহ নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

